গজারিয়ায় ভোক্তা অধিকারের বাজার পরিদর্শন

গজারিয়ায় ভোক্তা অধিকারের বাজার পরিদর্শন

মোঃ দুলাল সরকার, গজারিয়া: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে। পবিত্র রমজান ও বর্তমান বাজার পরিস্থিতিতে পণ্যের মান ও দাম নিয়ন্ত্রণে রাখতে এই অভিযান চালানো হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলার সহকারী পরিচালক আসিফ আল আজাদ, ক্যাব (সিএবি) গজারিয়া উপজেলা শাখার সভাপতি এস এম নাসির উদ্দিন, স্যানিটারি ইন্সপেক্টর ফারহানা খান এবং গজারিয়া থানার উপ-সহকারী পরিদর্শক রবিন।

মনিটরিংয়ের সময় ভবেরচর বাজারের ‘লাইভ বেকারি এন্ড স্ন্যাকস কর্নার’ এবং ‘ভবেরচর খাদ্য ভাণ্ডার’ পরিদর্শন করা হয়। এ সময় ব্যবসায়ীদের পণ্যের সঠিক মূল্য তালিকা প্রদর্শন, গুণগত মান বজায় রাখা, যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ এবং ভোক্তা অধিকার আইন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সচেতন ও সতর্ক করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, সাধারণ ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং বাজার ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের ঝটিকা অভিযান ও তদারকি কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন