ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মেহেদী হাসান মারুফ, শ্যামনগর (সাতক্ষীরা): সাতক্ষীরার পশ্চিম সুন্দরবনে বনদস্যু দমনে উপজেলা প্রশাসন, বিজিবি, নৌবাহিনী, কোস্ট গার্ড, পুলিশ ও বনবিভাগের সমন্বয়ে এক বিশেষ যৌথ অভিযান শুরু হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) সকাল থেকে সুন্দরবনের বিভিন্ন দুর্গম এলাকা, নদী ও খালে এই অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত কয়েকদিন আগে সুন্দরবনে বনজীবী অপহরণ এবং দস্যুদের গুলিতে এক বনজীবী আহত হওয়ার ঘটনায় বনজঙ্গলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরই প্রেক্ষাপটে সুন্দরবনকে দস্যুমুক্ত করতে এবং সাধারণ বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই বিশাল যৌথ অভিযান শুরু হয়েছে।
অভিযানের নেতৃত্ব দিচ্ছেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: রাশেদ হোসাইন। তিনি জানান, সুন্দরবনের গহীন অরণ্যে ডাকাত বাহিনীর বেশ কিছু আস্তানা ইতিমধ্যে শনাক্ত করে সেগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। দস্যু নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, "সুন্দরবনের ওপর নির্ভরশীল মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য। এজন্য বন ও এর আশপাশের নদী-খালে বিজিবি, নৌবাহিনী ও কোস্ট গার্ডের নজরদারি এবং টহল কার্যক্রম আগের চেয়ে কয়েক গুণ জোরদার করা হয়েছে।"
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সুন্দরবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও নদীপথে সন্দেহভাজন নৌকা ও ট্রলারে তল্লাশি চালাচ্ছে। বনজীবীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে তাদের সাহসের সাথে কাজ করার আহ্বান জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ