ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো: কোরবান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর এলাকায় সাম্প্রতিক সময়ে চুরির ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে গেছে। গত ২৬ দিনে অন্তত ৯টি বসতবাড়িতে চুরির ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ধারাবাহিক এসব চুরির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্ক বিরাজ করছে।
ভুক্তভোগী ও এলাকাবাসী জানান, একটি সংঘবদ্ধ চোরচক্র পরিকল্পিতভাবে গভীর রাতে বসতবাড়িতে হানা দিচ্ছে। বিশেষ করে বাড়ির মালিকরা অনুপস্থিত থাকলে কিংবা গভীর রাতে সুযোগ বুঝে তারা নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুটে নিচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়ছে।
স্থানীয়দের অভিযোগ, একের পর এক চুরির ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন কোনো দৃশ্যমান তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না। ফলে চোরচক্র দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে। পুলিশি টহল পর্যাপ্ত না হওয়ায় পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।
এলাকাবাসীর দাবি, পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে নিয়মিত পুলিশ টহল জোরদার করতে হবে। পাশাপাশি সন্দেহভাজনদের শনাক্ত করে দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। চুরির মতো অপরাধ দমনে কার্যকর উদ্যোগ গ্রহণ না করলে জনমনে আস্থা সংকট তৈরি হবে বলে মনে করছেন স্থানীয়রা।
ক্রমবর্ধমান চুরির ঘটনায় সাধারণ মানুষ এখন নিজ উদ্যোগে সতর্কতা বাড়িয়েছেন। অনেক এলাকায় মহল্লাভিত্তিক পাহারার ব্যবস্থা চালু করা হয়েছে। তবে স্থায়ী সমাধানের জন্য প্রশাসনের পক্ষ থেকে শক্তিশালী ও কার্যকর পদক্ষেপই এখন সবচেয়ে জরুরি বলে মনে করছেন ভুক্তভোগীরা।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ