ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক: চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে আগামী ১৬ এপ্রিল বেইজিং সফরে যাচ্ছে বিএনপির মহাসচিব ও সরকারের স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ২০ সদস্যের একটি প্রতিনিধিদল। রাজনৈতিক ও দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই সফরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। প্রতিনিধিদলটি ২১ এপ্রিল পর্যন্ত চীনে অবস্থান করবে।
দলীয় সূত্র জানিয়েছে, সফরকালে বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাওর সঙ্গে মির্জা ফখরুলের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দুই দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।
প্রতিনিধিদলে মহাসচিবের পাশাপাশি রয়েছেন—বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, দলের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, শামসুজ্জামান দুদু ও আসাদুজ্জামান রিপন। আরও রয়েছেন চেয়ারম্যানের উপদেষ্টা নজমুল হক নান্নু ও বেবী নাজনীন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও হাবিব-উন-নবী খান সোহেল এবং সাংস্কৃতিক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল।
তালিকায় আরও অন্তর্ভুক্ত আছেন—বিএনপির সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সাবেক সংসদ সদস্য রাশেদা বেগম হীরা ও নিলুফার চৌধুরী মনি, বর্তমান সংসদ সদস্য কামরুজ্জামান, সৈয়দ আল নোমান ও মো. মনোয়ার হোসেন। এছাড়া ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা তুলি, যুবদলের সাবেক নেতা কামাল আনোয়ার আহমেদ, কৃষক দলের যুগ্ম সম্পাদক মো. ইউনুস আলী এবং ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান এই সফরে প্রতিনিধি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর চীনের সঙ্গে রাজনৈতিক ও কূটনৈতিক সুসম্পর্ক বজায় রাখার অংশ হিসেবে এই উচ্চপর্যায়ের সফরটি পরিচালিত হতে যাচ্ছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ