ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ সোহেল রানা, বরগুনা: বরগুনার বেতাগী উপজেলায় শিশুদের খেলার জমি নিয়ে তুচ্ছ ঘটনার জেরে অভিভাবকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রাসেল আকন (৩০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার ১নং বিবিচিনি ইউনিয়নের দক্ষিণ ফুলতলা গ্রামের আকন বাড়িতে এই ঘটনা ঘটে।
আহত রাসেল আকন ওই গ্রামের আব্দুল আজিজ আকনের ছেলে। অভিযুক্ত হামলাকারী আরিফ আকন একই বাড়ির খোকন আকনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশুদের খেলাধুলা নিয়ে রাসেল ও আরিফের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পূর্ব শত্রুতার জের ধরে আরিফ আকন উত্তেজিত হয়ে লোহার রড দিয়ে রাসেলের মাথায় সজোরে আঘাত করেন। এতে রাসেল তাৎক্ষণিক মাটিতে লুটিয়ে পড়লে আরিফ তাকে আরও মারধর করেন। পরে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা এগিয়ে এসে রাসেলকে উদ্ধার করে দ্রুত বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলার শিকার রাসেলের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হারুন অর রশিদ হাওলাদার জানান, "রাসেল আকনের ওপর হামলার ঘটনায় একটি প্রাথমিক অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়া হবে।"
| আজকের তারিখঃ বঙ্গাব্দ