কাশিয়ানীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

কাশিয়ানীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

হেলাল মুন্সী, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ মো. ইলাহী মোল্লা (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। 

বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলার ফলসি পূর্বপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গোপালগঞ্জ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৯টার দিকে কাশিয়ানী থানাধীন ফলসি পূর্বপাড়া এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় ইলাহী মোল্লার নিজ বসতঘর তল্লাশি করে ৪০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ইলাহী মোল্লা ওই গ্রামের মো. সাহেব আলী মোল্লার ছেলে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলম বাদী হয়ে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকসহ হাতেনাতে আটক করার পর তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

মাদকমুক্ত সমাজ গড়তে এবং মাদক ব্যবসায়ীদের নির্মূল করতে জেলাজুড়ে এ ধরনের চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন