ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে হাইওয়ে পুলিশের সাথে পরিবহন শ্রমিকদের বাকবিতণ্ডা ও মারধরের অভিযোগকে কেন্দ্র করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন ট্রাকচালকরা। 

বুধবার (৮ এপ্রিল) দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মহাসড়কের জৈনা বাজার ইউটার্ন এলাকায় এই অবরোধ চলে। এতে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়, যার ফলে চরম ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী।

শ্রমিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকালে শ্রীপুরের জৈনা বাজার এলাকার আহমদ ফিলিং স্টেশন থেকে ডিজেল নেওয়ার জন্য মহাসড়কের পাশে অসংখ্য ট্রাক ও লরি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিল। এ সময় হাইওয়ে পুলিশের একটি দল সেখানে এসে অবৈধ পার্কিংয়ের অভিযোগে চালকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। শ্রমিকদের অভিযোগ, কোনো পূর্ব সতর্কতা ছাড়াই পুলিশ এক পরিবহন শ্রমিককে মারধর করে। এই ঘটনার প্রতিবাদে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

বিক্ষুব্ধ শ্রমিকরা দাবি করেন, অভিযুক্ত পুলিশ সদস্যদের শাস্তির আওতায় আনতে হবে এবং ভবিষ্যতে চালকদের ওপর এমন অন্যায্য হামলা বন্ধ করতে হবে। অবরোধের ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় গাড়ি আটকে থাকায় শিশু ও নারীসহ সাধারণ যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে গরমে দীর্ঘক্ষণ বাসে আটকে থাকা যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়।

এ বিষয়ে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, খবর পাওয়ার পরপরই হাইওয়ে ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। শ্রমিকদের সাথে আলোচনার মাধ্যমে বিকেল সাড়ে ৪টার দিকে যান চলাচল স্বাভাবিক করা হয়। তবে পুলিশের পক্ষ থেকে মারধরের অভিযোগটি তদন্ত করে দেখা হবে বলে জানান তিনি।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন