শেরপুরে জাল টাকাসহ যুবক আটক

শেরপুরে জাল টাকাসহ যুবক আটক

মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি: শেরপুরে জাল টাকা এবং জাল টাকা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামসহ মোঃ মুর্শিদুল হক (৩৩) নামে এক যুবককে আটক করেছে র‍্যাব-১৪। 

বুধবার (৮ এপ্রিল) দুপুরে জামালপুরে র‍্যাব-১৪ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহম্মেদ এই অভিযানের বিস্তারিত তুলে ধরেন।

মেজর লাবিদ আহম্মেদ জানান, শেরপুর সদর উপজেলার চাপাতলী এলাকায় দুলাল মিয়ার নির্মাণাধীন একটি ভবনের সপ্তম তলায় দীর্ঘদিন ধরে একটি চক্র জাল টাকা তৈরি করে বাজারে সরবরাহ করছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে মুর্শিদুল হককে আটক করে। এ সময় তার কাছ থেকে ৬ হাজার ৮০০ টাকার জাল নোট এবং জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত ১টি মনিটর, ৩টি অত্যাধুনিক প্রিন্টার, ১টি মোবাইল ফোন ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মুর্শিদুল স্বীকার করেছে যে, সে ১ লাখ টাকার জাল নোটের বিনিময়ে ৩০ হাজার টাকা গ্রহণ করত। এই চক্রটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে প্রতারিত করে আসছিল। র‍্যাব কর্মকর্তা আরও জানান, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অর্থের লেনদেন ও জাল টাকার বিস্তার রোধে র‍্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এই জালিয়াতি চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন