ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোল্লা মো: আরিফুল ইসলাম, নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলার চাঞ্চল্যকর কৃষক মেছের আলী হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে নাটোরের অতিরিক্ত দায়রা জজ ৩য় আদালতের বিচারক মোঃ সাইফুল ইসলাম এই দীর্ঘ প্রতীক্ষিত রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, সিংড়ার কলিগ্রামের বাসিন্দা সলেমান মৃধার সাথে নিহত মেছের আলীর দীর্ঘ দিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে ১৯৯৯ সালের ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রতিবেশী মছিরন বিবি কৌশলে মেছের আলীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এর কিছুক্ষণ পর তার আর্তচিৎকার শুনে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
এই নির্মম হত্যাকাণ্ডের পর নিহতের ছেলে বাদী হয়ে সিংড়া থানায় ৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ ২৭ বছর ধরে চলা এই বিচারিক প্রক্রিয়ায় মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। বিচার চলাকালীন সময়ে মূল ৮ আসামির মধ্যে ২ জন মৃত্যুবরণ করেন।
বুধবার রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তদের মধ্যে চারজন আদালতে উপস্থিত থাকলেও বাকি দুইজন এখনো পলাতক রয়েছেন। আদালত সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ করে পলাতক দুইজনসহ মোট ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহতের পরিবার ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ