হাম-রুবেলা প্রতিরোধে অন্তর্বর্তী সরকার মনোযোগ দেয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

হাম-রুবেলা প্রতিরোধে অন্তর্বর্তী সরকার মনোযোগ দেয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

ইমতিয়াজ মাহমুদ ইমন, কক্সবাজার: বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রচারণা ও নিয়ন্ত্রণে মনোযোগ না দেওয়ায় হাম ও রুবেলা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

রবিবার (৫ এপ্রিল ২০২৬) বেলা ১১টায় কক্সবাজারের মহেশখালী ও রামুতে হাম রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে যুক্ত হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "বিগত অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা কিংবা অন্য যে কোনো কারণেই হোক, তারা হাম রুবেলা প্রতিরোধে প্রচারণায় নজর দিতে পারেনি। বর্তমান সরকার ২০২৬ সালের মধ্যে হামের প্রাদুর্ভাব সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে এবং শিশু মৃত্যু শূন্যের কোঠায় নামিয়ে আনতে বদ্ধপরিকর।"

তিনি আরও জানান, প্রাথমিকভাবে প্রথম ধাপে সারাদেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় এই জরুরি টিকাদান কর্মসূচি শুরু হয়েছে, যা পর্যায়ক্রমে সারা দেশে বিস্তৃত করা হবে।

কক্সবাজার জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে:

  • মৃত্যু: গত ২৪ ঘণ্টায় রামু উপজেলার রাজিয়া নামে এক শিশু হামের উপসর্গে মারা গেছে। এ নিয়ে জেলায় মোট ৫ শিশুর মৃত্যু হলো।

  • সংক্রমণ: জেলায় গতকাল একদিনেই নতুন করে ২৫ জন শিশু হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে জেলা সদর হাসপাতালে ৪২ জন শিশু চিকিৎসাধীন।

  • লক্ষ্যমাত্রা: রামু ও মহেশখালী উপজেলায় মোট ১ লাখ ২০ হাজার শিশুকে (৬ মাস থেকে ৫৯ মাস বয়সী) এই টিকা দেওয়া হবে।

কক্সবাজার সদর হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. শহিদুল আলম জানান, পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে পৃথক ‘আইসোলেশন ওয়ার্ড’ চালু করা হয়েছে। আক্রান্ত শিশুদের সেবায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে যাদের বর্তমানে জ্বর আছে, তাদের সুস্থ হওয়ার পর টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে কক্সবাজারের জেলা প্রশাসকসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন