ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি: জামালপুরে নিখোঁজের একদিন পর জুয়েল শেখ (৩০) নামে এক অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ৮টার দিকে ইসলামপুর উপজেলার সদর ইউনিয়নের গঙ্গাপাড়া এলাকার একটি ভুট্টা খেত থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জুয়েল শেখ মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়নের পূর্বশ্যামপুর এলাকার আবু হানিফের ছেলে। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ভোর ৪টার দিকে মেলান্দহ থেকে যাত্রী নিয়ে শিমুলতলী এলাকায় যান জুয়েল। সেখানে যাত্রী নামিয়ে দেওয়ার এক ঘণ্টা পর থেকেই তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।
মঙ্গলবার সকালে ইসলামপুর উপজেলার গঙ্গাপাড়া এলাকায় একটি ভুট্টা খেতের ভেতর বস্তাবন্দি অবস্থায় একটি লাশ দেখতে পান স্থানীয়রা। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিলে ইসলামপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জুয়েল শেখের মরদেহ শনাক্ত ও উদ্ধার করে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম গাজী জানান:
"প্রাথমিকভাবে আমাদের ধারণা, অটোরিকশাটি ছিনতাই করার উদ্দেশ্যেই জুয়েলকে নৃশংসভাবে হত্যা করে লাশ এখানে ফেলে রাখা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।"
এদিকে একজন পরিশ্রমী যুবকের এমন মৃত্যুতে তার পরিবার ও পূর্বশ্যামপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ছিনতাইকারী চক্রকে দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অপরাধীদের ধরতে অভিযান শুরু হয়েছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ