‘যুক্তরাষ্ট্র-ইসরাইলের স্বার্থ রক্ষা করছে পাকিস্তান’

‘যুক্তরাষ্ট্র-ইসরাইলের স্বার্থ রক্ষা করছে পাকিস্তান’

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তজনায় পাকিস্তানের মধ্যস্থতা করার প্রচেষ্টাকে ‘ভণ্ডামি’ বলে আখ্যায়িত করেছেন জমিয়তে উলামায়ে ইসলামের (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমান। সোমবার রাতে মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। এর পাশাপাশি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ১২ এপ্রিল পাকিস্তানজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন তিনি।

পাকিস্তানের বর্তমান সরকারকে যুক্তরাষ্ট্রের ‘গোলাম’ হিসেবে অভিহিত করে ফজলুর রহমান বলেন, ফিলিস্তিনে গণহত্যার পর এখন ইসরাইলের সহায়তায় যুক্তরাষ্ট্র ইরানে আগ্রাসন চালাচ্ছে। লেবাননেও তারা নির্বিচারে হামলা করছে। মুসলিম বিশ্বে অশান্তি সৃষ্টিকারী এই অপশক্তির দালালি করছে পাকিস্তান সরকার। যুদ্ধবিরতির আলোচনার নামে একদিকে তারা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের স্বার্থ রক্ষা করছে, অন্যদিকে দেশের মূল সমস্যাগুলো থেকে জনগণের চোখ সরিয়ে রাখছে।

হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ১০টি জাহাজ চলাচলের অনুমতি পাওয়ার দাবি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, "যদি জাহাজগুলো চলাচলের অনুমতি পেয়েই থাকে, তবে দেশে তেলের দাম বাড়ানোর কী প্রয়োজন ছিল? নাকি পাকিস্তানকে ব্যবহার করে এই তেল অন্য দেশে পাচার করা হয়েছে?" এই জাহাজগুলো আদৌ করাচি বন্দরে পৌঁছেছে কি না এবং পণ্য খালাস হয়েছে কি না, তা জাতির সামনে স্পষ্ট করার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে সেনাপ্রধান আসিম মুনিরের কঠোর সমালোচনা করে প্রভাবশালী এই রাজনীতিক বলেন, "হরমুজ প্রণালী এখন ‘পুলসিরাত’-এর মতো হয়ে গেছে। একজন হাফেজ যেমন ১০ জনকে পুলসিরাত পার করাতে পারেন, আমাদের সেনাপ্রধানও তেমনি ১০টি জাহাজ পার করে এনেছেন বলে দাবি করা হচ্ছে। এগুলো জাতির সঙ্গে তামাশা ছাড়া আর কিছুই নয়।"

মাওলানা ফজলুর রহমান আরও বলেন, ইসরাইলের পক্ষপাতিত্বের কারণে ট্রাম্প প্রশাসন নিজ দেশেই কোণঠাসা হয়ে পড়েছে, অথচ পাকিস্তান সরকার তাদের খুশি করতে নির্লজ্জভাবে তাবেদারি করে যাচ্ছে। বর্তমান সরকারের স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই বলেও তিনি মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে তিনি প্রতিবেশী আফগানিস্তান ও ভারতের সঙ্গে সরকারের বিদ্যমান পররাষ্ট্রনীতিরও কড়া সমালোচনা করেন। এক্সপ্রেস নিউজ উর্দু সূত্রে এই তথ্য জানা গেছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন