ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
তাজুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরল সীমান্ত এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) শেষ রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত সুরক্ষা ও মাদক দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযানগুলো চালানো হয়।
দীপনগর এলাকায় অভিযান: রাত আনুমানিক ৩টার সময় ৪২ বিজিবির অধীনস্থ এনায়েতপুর বিওপি’র একটি টহল দল বিরল উপজেলার সীমান্ত পিলার ৩২৩/৩-এস এর নিকটবর্তী বাংলাদেশের অভ্যন্তরে দীপনগর নামক এলাকায় অভিযান চালায়। সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ৫৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
বান্দাইল এলাকায় অভিযান: রাত পৌনে ৪টার সময় ভান্ডারা বিওপি’র আরেকটি টহল দল সীমান্ত পিলার ৩২৬/৭-এস থেকে ১০০ গজ ভেতরে বান্দাইল নামক এলাকায় অভিযান পরিচালনা করে। সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ৬০ বোতল ফেনসিডিল জাতীয় মাদক (ভারতীয় স্কাফ সিরাপ) উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত এই ১১৫ বোতল মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ১৪ হাজার ১০০ টাকা। বিজিবি জানিয়েছে, অভিযানের সময় মাদক ব্যবসায়ীরা পালিয়ে যেতে সক্ষম হলেও তাদের শনাক্ত করতে এবং আইনি ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান:
"দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্তবর্তী মানুষের জানমালের নিরাপত্তা ও মাদক পাচার রোধে ভবিষ্যতেও আমাদের এমন কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।"
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ