ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী: বরিশালের উজিরপুর এলাকার একটি চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে দীর্ঘ ২০ বছর পর গ্রেফতার করেছে র্যাব-৫।
সোমবার (৬ এপ্রিল ২০২৬) বিকেলে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার হড়গ্রাম চত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম মো. খলিল হাওলাদার (পিতা- আশরাফ আলী হাওলাদার)। র্যাব সূত্রে জানা যায়, ২০০৬ সালে বরিশালের উজিরপুর থানায় দায়ের করা একটি ধর্ষণ মামলায় আদালত খলিলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। তবে সাজার রায় হওয়ার পর থেকেই গ্রেফতার এড়াতে তিনি সুকৌশলে এলাকা ছেড়ে পালিয়ে যান। দীর্ঘ দুই দশক ধরে তিনি দেশের বিভিন্ন প্রান্তে নিজের পরিচয় গোপন করে ও ছদ্মনাম ব্যবহার করে আত্মগোপন করেছিলেন।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে যে, খলিল বর্তমানে রাজশাহীর রাজপাড়া এলাকায় অবস্থান করছেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল সন্ধ্যা ১৮:৩০ ঘটিকার সময় র্যাব-৫ এর একটি বিশেষ আভিযানিক দল হড়গ্রাম চত্বর এলাকায় অভিযান চালায়। তথ্য-প্রযুক্তির সহায়তায় দীর্ঘদিনের পলাতক এই আসামিকে শনাক্ত করে অবশেষে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত খলিল হাওলাদার ২০০৬ সালের ওই ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। র্যাব জানিয়েছে, যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
২০ বছর পর একজন সাজাপ্রাপ্ত আসামিকে আইনের আওতায় আনতে পারাকে র্যাবের একটি বড় সাফল্য হিসেবে দেখছে স্থানীয় সচেতন মহল।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ