কাজাখস্তান থেকে আসছে আরও ১ লাখ টন ডিজেল

কাজাখস্তান থেকে আসছে আরও ১ লাখ টন ডিজেল

নিজস্ব প্রতিবেদক: দেশে চলমান জ্বালানি তেলের তীব্র সংকট মোকাবিলায় কাজাখস্তান থেকে আরও ১ লাখ টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

শনিবার (৪ এপ্রিল) জরুরি ভিত্তিতে এই আমদানির প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, কাজাখস্তান থেকে প্রতি ব্যারেল ৭৫ দশমিক ৬ ডলার মূল্যে এই ১ লাখ টন ডিজেল কেনা হবে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের অস্থিরতার মধ্যে সাশ্রয়ী মূল্যে এই সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করছে সরকার।

এর আগে গত সপ্তাহেও সরাসরি ক্রয় পদ্ধতির (DPM) মাধ্যমে কাজাখস্তানের প্রতিষ্ঠান ‘এক্সনমোবিল কাজাখস্তান ইনক’ থেকে ১ লাখ টন ডিজেল আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছিল। ফলে মাত্র দুই সপ্তাহের ব্যবধানে কাজাখস্তান থেকে মোট ২ লাখ টন ডিজেল আমদানির বিষয়টি নিশ্চিত হলো।

বর্তমানে ইরান যুদ্ধ ও বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতির কারণে জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা বিরাজ করছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ও শিল্পকারখানাতেও। বিশেষ করে টাঙ্গাইলের ঘারিন্দাসহ দেশের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে ফার্নেস অয়েল ও ডিজেল সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে। সরকারের এই নতুন আমদানির সিদ্ধান্ত দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং লোডশেডিং কমাতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন