কিশোরগঞ্জে শিল্প প্রতিমন্ত্রীকে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কিশোরগঞ্জে শিল্প প্রতিমন্ত্রীকে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কিশোরগঞ্জ শহরের নুরুল উলুম আদর্শ মহিলা ফাজিল মাদরাসার উদ্যোগে নবনিযুক্ত শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার (১ মার্চ) মাদরাসা প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠানের পাশাপাশি ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে মাদরাসার শিক্ষার্থীরা প্রধান অতিথি কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও নবনিযুক্ত প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর বিশেষ মোনাজাতের মাধ্যমে মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ-হোসেনপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন। এছাড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল্লাহ কায়সার শহিদ, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. ওবায়দুল্লাহ ওবায়েদ এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মারুফ আল মোস্তফাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক ও স্থানীয় নেতৃবৃন্দ প্রতিমন্ত্রীর কাছে শিক্ষা প্রতিষ্ঠানটির পুরোনো টিনশেড ভবনের পরিবর্তে একটি আধুনিক চারতলা বিশিষ্ট ভবন নির্মাণের দাবি উত্থাপন করেন। দাবির প্রেক্ষিতে প্রতিমন্ত্রী শরিফুল আলম শরিফ জানান, নতুন দায়িত্ব গ্রহণের পর তিনি মাদরাসার ভৌত অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধিতে সর্বোচ্চ গুরুত্ব দেবেন। তিনি মাদরাসার সামগ্রিক উন্নয়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিত সকলে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

এ/সকালবেলা

মন্তব্য করুন