ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে সরকারি খাস পুকুর থেকে মাছ ধরাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিএনপির দুই কর্মী নিহত এবং অন্তত ৫ জন আহত হয়েছেন। সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন—রায়গঞ্জ উপজেলার গোয়ালপাড়া গ্রামের মৃত মনছের আলীর ছেলে ইসমাইল হোসেন (৭০) এবং একই গ্রামের ময়দান আলীর ছেলে আব্দুস সালাম (৬০)। তারা উভয়েই স্থানীয় বিএনপি সমর্থক বলে নিশ্চিত করেছেন মাধাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. রমজান আলী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়ালপাড়া গ্রামের ৫ বিঘা আয়তনের একটি সরকারি খাস পুকুর নিয়ে আওয়ামী লীগ সমর্থক আছমত আলীর সঙ্গে ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকের দীর্ঘ ১৫-১৬ বছর ধরে বিরোধ চলে আসছিল। গত দেড় দশক ধরে আছমত আলী স্থানীয় মসজিদের নামে লিজ নিয়ে পুকুরটি ভোগদখল করছিলেন। তবে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিক পুকুরটি ৩ বছরের জন্য লিজ নেন। সোমবার সকালে আবু বক্কর ও তার লোকজন পুকুরে মাছ ধরার জন্য জাল ফেললে আছমত আলীর সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে আছমতের পক্ষের ৪ জন এবং আবু বক্কর সিদ্দিকের পক্ষের ৭ জন গুরুতর আহত হন।
খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ইসমাইল হোসেন এবং সিরাজগঞ্জ সদর হাসপাতালে আব্দুস সালাম মারা যান।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা নেওয়ায় পরিস্থিতি এখন শান্ত রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।
এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ