ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জলিলুর রহমান জনি, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সরকারি জলাশয় ইজারাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বিএনপির দুই কর্মী নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ৭টা থেকে ৮টার দিকে উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতরা হলেন— গোয়ালপাড়া এলাকার ময়দান আলীর ছেলে আব্দুস সালাম (৫৫) এবং একই ইউনিয়নের জামতৈল এলাকার মৃত মনছের আলীর ছেলে ইসমাইল হোসেন (৮০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়ালপাড়া এলাকায় একটি সরকারি জলাশয়ের ইজারা নিয়ে স্থানীয় বিএনপি নেতা সিদ্দিক গ্রুপের সঙ্গে প্রতিপক্ষ আসমত আলী গংদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার সকালে পুকুরে জাল টানাকে কেন্দ্র করে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। অপর একজনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।
মাধাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. রমজান আলী জানান, নিহত দুই ব্যক্তিই বিএনপির একনিষ্ঠ সমর্থক ছিলেন। তবে এ ঘটনায় প্রতিপক্ষ আসমত আলী গংদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ