মাধবপুরে ট্রাকভর্তি বালুর নিচ থেকে অর্ধকোটি টাকার ভারতীয় জিরা জব্দ

মাধবপুরে ট্রাকভর্তি বালুর নিচ থেকে অর্ধকোটি টাকার ভারতীয় জিরা জব্দ

মো. ইউসুফ, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) পৃথক দুটি সফল অভিযান চালিয়ে ট্রাকভর্তি বালুর নিচে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) গভীর রাতে মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় এই অভিযান পরিচালিত হয়। জব্দকৃত জিরার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ লাখ ৫০ হাজার টাকা বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৬ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১টার দিকে ৫৫ বিজিবির একটি চৌকস আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার অভ্যন্তরে কৌশলগত অবস্থান নেয়। এ সময় একটি সন্দেহভাজন ট্রাককে থামার সংকেত দিলে চালক ট্রাকটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে পরিত্যক্ত ট্রাকটি তল্লাশি করে বালুর স্তূপের নিচে সুকৌশলে লুকানো বস্তাভর্তি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। একই এলাকায় ভোররাত ৪টার দিকে পরিচালিত দ্বিতীয় অভিযানে আরও একটি ট্রাক থেকে একইভাবে অভিনব কায়দায় বালুর নিচে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ জিরা জব্দ করা হয়।

৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবির এই কঠোর অবস্থান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। জব্দকৃত ভারতীয় জিরাগুলো বর্তমানে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। দেশের অর্থনীতিকে সুসংহত রাখতে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছে বিজিবি।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন