ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
লিবিয়ার ডিটেনশন সেন্টারে বন্দি ও সেখানে আটকে পড়া ১৭৫ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৮টায় বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) যৌথ প্রচেষ্টায় তাদের প্রত্যাবাসন নিশ্চিত করা হয়েছে।
ফিরে আসা এই নাগরিকদের মধ্যে ৩০ জন বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে বন্দি ছিলেন এবং বাকি ১৪৫ জন বেনগাজী ও পার্শ্ববর্তী এলাকায় অত্যন্ত মানবেতর ও অসুস্থ অবস্থায় বসবাস করছিলেন। জানা গেছে, তাদের বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনায় লিবিয়ায় অনুপ্রবেশ করেছিলেন। সেখানে তারা অপহরণ ও চরম নির্যাতনের শিকার হন বলে অভিযোগ করেছেন।
বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএম-এর কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান। আইওএম-এর পক্ষ থেকে ফিরে আসাদের প্রত্যেককে যাতায়াত খরচ, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের সহায়তা দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভুক্তভোগীদের অনুরোধ জানানো হয়েছে, তারা যেন অবৈধভাবে বিদেশ যাত্রার এই ভয়াবহ অভিজ্ঞতার কথা সবার সাথে বিনিময় করেন, যাতে সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি পায়। লিবিয়ায় আটকে থাকা বাকি বাংলাদেশিদের ফিরিয়ে আনতেও সংশ্লিষ্ট সংস্থাগুলো সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ