ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. ফরহাদ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদী থেকে নিখোঁজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু নাঈমের মরদেহ উদ্ধারে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য ৫ ফায়ার ফাইটারকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
সম্মাননা প্রাপ্তরা হলেন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলামসহ পাঁচজনকে এই সম্মাননা প্রদান করেন। অন্য চারজন হলেন— ডুবুরি মো. জিসান ইসলাম, উপ-পরিচালক মো. সম্রাট মোল্যা, ডুবুরি মো. মাসুদুল হক এবং ড্রাইভার কাম ডুবুরি মো. আবু ইউসুফ।
সাহসিকতার স্বীকৃতিস্বরূপ প্রত্যেককে মহাপরিচালকের বিশেষ প্রশংসা ‘ইনসিগনিয়া’, আর্থিক সম্মানী এবং সনদপত্র প্রদান করা হয়।
ঘটনার পটভূমি: গত ৩১ জানুয়ারি বিকেলে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে গোসল করতে নেমে নিখোঁজ হন মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) সিভিল মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র আবু নাঈম। উত্তাল পদ্মা ও বৈরী পরিবেশের মধ্যে টানা দুই দিন অনুসন্ধানের পর নদীর প্রায় ৪০ ফুট গভীর থেকে তাঁর মরদেহ উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট। এই দুঃসাহসী অভিযানে নৌবাহিনীসহ অন্যান্য সংস্থার উদ্ধারকারী দলও যুক্ত ছিল।
অনুষ্ঠানে পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এবং পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শহীদ আতাহার হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এ ধরনের স্বীকৃতি ফায়ার সার্ভিস কর্মীদের পেশাদারিত্ব ও মনোবল বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ