ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোরচক্রের ১২ সদস্য গ্রেপ্তার, ১৮টি গাড়ি উদ্ধার

ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোরচক্রের ১২ সদস্য গ্রেপ্তার, ১৮টি গাড়ি উদ্ধার

এস এম সাহান, ফরিদপুর: ফরিদপুরে দীর্ঘদিন ধরে সক্রিয় একটি সংঘবদ্ধ ইজিবাইক চোরচক্রের মূল রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ। সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে ফরিদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার নজরুল ইসলাম এ সাফল্যের কথা জানান। আন্তঃজেলা এই চক্রের ১২ সদস্যকে গ্রেপ্তারের পাশাপাশি উদ্ধার করা হয়েছে ১৮টি ইজিবাইক।

 পুলিশ জানায়, সম্প্রতি কোতোয়ালি থানা এলাকার একটি পার্কিং থেকে ইজিবাইক চুরির অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্তে নামে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রথমে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফরিদপুর, শরীয়তপুর ও মাগুরা জেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে চক্রের মোট ১২ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।

 জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা ইজিবাইক চুরির পর শনাক্ত হওয়া এড়াতে দ্রুত যন্ত্রাংশ খুলে আলাদা করে ফেলত। অনেক সময় গাড়ির রঙ পরিবর্তন, ইঞ্জিন ও চেসিস নম্বর বিকৃত করে অবৈধ গ্যারেজে নতুনভাবে সংযোজন করে বিক্রি করা হতো।

 পুলিশি অভিযানে ১৩টি সচল ও ৫টি অচলসহ মোট ১৮টি ইজিবাইক উদ্ধার করা হয়েছে। এছাড়া বিপুল পরিমাণ খুচরা যন্ত্রাংশ ও গাড়ি কাটার মেশিন জব্দ করা হয়। উদ্ধারকৃত ইজিবাইকগুলোর মধ্যে একটি গাড়ি মামলার বাদী শনাক্ত করেছেন।

 মোজাম্মেল মণ্ডল, ইলিয়াস হোসেন, আবুল হোসেন মোল্লা, তানভীর শেখ, আওয়াল বিশ্বাস, বদিউজ্জামান মোল্লা, মৃদুল, মিলন খান, মো. আশরাফ, শহীদ শিকদার, জুয়েল রানা ও রনি মিয়া।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, আজমির হোসেন, রায়হান গফুর এবং ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার জানান, চক্রের বাকি সদস্যদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন