বেড়িবাঁধের গাছ কাটার মামলায় বহিষ্কৃত বিএনপি নেতা জাহাঙ্গীর গ্রেপ্তার

বেড়িবাঁধের গাছ কাটার মামলায় বহিষ্কৃত বিএনপি নেতা জাহাঙ্গীর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর এলাকায় নদীভাঙন রোধে রোপণ করা মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগে উপজেলা বিএনপির বহিষ্কৃত সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। সন্ধ্যায় বিএনপির প্রেস উইং থেকেও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, নিজের বাড়ি যাওয়ার পথ সুগম করতে গত ৫ আগস্টের পর থেকে ধাপে ধাপে প্রায় ২০টি মেহগনি গাছ কেটে সাবাড় করার অভিযোগ ওঠে জাহাঙ্গীরের বিরুদ্ধে। সর্বশেষ গত ২১ ফেব্রুয়ারি একসঙ্গে ১০ থেকে ১২টি গাছ কাটা হলে বিষয়টি প্রকাশ্যে আসে। এই ঘটনায় মিঠামইন উপজেলা প্রকৌশলী ফয়জুর রাজ্জাক বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

এর আগে, গতকাল মঙ্গলবার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জাহাঙ্গীরের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। অভিযোগটি প্রমাণিত হওয়ায় এবং দলীয় নীতি ও আদর্শের পরিপন্থী কাজ করায় কেন্দ্র এই কঠোর সিদ্ধান্ত নেয়। বহিষ্কারের পরদিনই তাঁকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেওয়া হলো।

প্রতিবেদক/সকালবেলা

মন্তব্য করুন