অপরাধে নিজ দল থাকলেও ছাড় নয়: কটিয়াদীতে এমপি জালাল

অপরাধে নিজ দল থাকলেও ছাড় নয়: কটিয়াদীতে এমপি জালাল

মিজানুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানার সঞ্চালনায় এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি।" সংসদ সদস্য এক কঠোর বার্তা দিয়ে আরও বলেন, "আমার দলের কেউ যদি অন্যায় বা অপরাধে জড়িত থাকে, তবে তার বিরুদ্ধেও সমানভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আইন তার নিজস্ব গতিতেই চলবে এবং অপরাধীর ক্ষেত্রে কোনো দলীয় পরিচয় বিবেচ্য হবে না।"

সভায় উপজেলার সার্বিক অপরাধ দমন, যানবাহন শৃঙ্খলা রক্ষা, বাজার মনিটরিং ও জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর হওয়ার আহ্বান জানানো হয়। আলোচনা শেষে বিভিন্ন ইউনিয়নের পরিস্থিতি পর্যালোচনা করে অপরাধ প্রবণতা কমাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন ও সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহরিয়ার অনিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

মন্তব্য করুন