ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আবু কাওসার মাখন, রাজশাহী ব্যুরো: রাজশাহীর শাহমখদুম থানার পবা রাইসমিলপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে মো. সাব্বির (২১) নামে এক যুবককে দিনদুপুরে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর দেড়টার দিকে বাড়ির সামনেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত সাব্বির ওই এলাকার শাহিন ইসলামের ছেলে। তিনি তাঁর বাবার খাবারের হোটেলে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে একই মহল্লার আমিরুল ইসলামের ছেলে মো. জাসন (২৫) এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। জাসনের মা শিরিন বেগম তাঁদের আধা কাঠা জমি সাব্বিরের বাবা শাহিন ইসলামের কাছে বিক্রি করেছিলেন। এই জমি বিক্রি নিয়ে জাসন ক্ষুব্ধ ছিলেন এবং এর জেরে গত মঙ্গলবারও তিনি শাহিন ইসলামকে মারধর করেন।
বুধবার দুপুরে বাড়ির সামনে সাব্বিরকে একা পেয়ে জাসন তাঁর বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, সাব্বিরের বুকে গভীর ক্ষত ছিল এবং অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে।
অভিযুক্ত জাসন একজন মাদকাসক্ত এবং গত এক সপ্তাহ ধরে এলাকায় তাঁর বেপরোয়া আচরণ বেড়ে গিয়েছিল বলে স্থানীয়রা দাবি করেছেন। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।
শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন জানান, অভিযুক্ত জাসনকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে। মরদেহ বর্তমানে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ