সরকারি আদেশ অমান্য করে রমজানেও চলছে সেন্ট মেরীস গার্লস স্কুল অ্যান্ড কলেজ

সরকারি আদেশ অমান্য করে রমজানেও চলছে সেন্ট মেরীস গার্লস স্কুল অ্যান্ড কলেজ

পঙ্কজ সরকার নয়ন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: পবিত্র রমজান মাসে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সরকারি নির্দেশনা থাকলেও গাজীপুরের কালীগঞ্জে তা অমান্য করার অভিযোগ উঠেছে ‘সেন্ট মেরীস গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ’-এর বিরুদ্ধে। খ্রিস্টান মিশনারি পরিচালিত এই প্রতিষ্ঠানটি সরকারি ছুটি উপেক্ষা করে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ায় স্থানীয় অভিভাবক ও সুধীমহলে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে।

সরকারি নির্দেশনা অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত টানা ৩৬ দিন সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কথা থাকলেও বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত সেন্ট মেরীস গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজে স্বাভাবিক ক্লাস ও পরীক্ষা চলতে দেখা গেছে। সকালে অভিভাবকদের সন্তানদের স্কুলে পৌঁছে দিয়ে বাইরে অপেক্ষা করতে দেখা যায় এবং দুপুরে ছুটি হলে তারা সন্তানদের নিয়ে বাড়ি ফেরেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক বলেন, “বাংলাদেশ মুসলিম প্রধান দেশ এবং রমজান ইবাদতের মাস। সরকারের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও স্কুল খোলা রেখে শিক্ষার্থীদের ওপর শারীরিক ও মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছে। অনেক শিক্ষার্থী রোজা রাখার ইচ্ছা থাকলেও ক্লাসের চাপে তা পারছে না। এটি কোনোভাবেই কাম্য নয়।”

অভিযোগ উঠেছে, নিয়মিত ক্লাস বন্ধের একটি লোকদেখানো নোটিশ দিলেও মূলত রেজিস্ট্রেশন, দশম শ্রেণির পরীক্ষা এবং একাদশ-দ্বাদশ শ্রেণির বিশেষ ক্লাসের নামে সব কার্যক্রমই সচল রাখা হয়েছে।

এ বিষয়ে সেন্ট মেরীস গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল সিস্টার বীনা খ্রীস্টিনা রোজারিও বলেন, “উপজেলা শিক্ষা অফিস থেকে আমাদের ফোন করে এবং প্রতিনিধি পাঠিয়ে কার্যক্রম বন্ধ করতে বলা হয়েছে। কিন্তু স্কুল ও ছাত্রীদের স্বার্থে কলেজে ক্লাস চলমান রয়েছে। এছাড়া দশম শ্রেণির পরীক্ষা চলছে, যা শেষ হলে প্রতিষ্ঠান বন্ধ দেওয়া হবে।”

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর-ই-জান্নাত জানান, প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম নিয়ে অভিযোগ পাওয়ার পর একাডেমিক সুপারভাইজার জিনাত রেহানা শারমিন সরেজমিনে পরিদর্শন করেছেন। সরকারি আদেশ অমান্য করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হবে।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত দেশের সব মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয়।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন