আদর্শ দেখে ভোট দেওয়ার আহ্বান চরমোনাই পীরের

আদর্শ দেখে ভোট দেওয়ার আহ্বান চরমোনাই পীরের

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, গত ৫৪ বছর ধরে প্রচলিত গণতন্ত্রের মাধ্যমে দেশে প্রকৃত শান্তি ও মুক্তি আসেনি। সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

জনসভায় চরমোনাই পীর ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে কেবল দল বা জোটের চেহারা দেখে নয়, বরং তাদের আদর্শ কী—তা বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। তিনি বলেন, “স্থানীয় নির্বাচন ও জাতীয় নির্বাচন এক বিষয় নয়। স্থানীয় নির্বাচনে উন্নয়ন প্রধান্য পেলেও জাতীয় নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরা সংসদে আইন প্রণয়ন করেন। তাই ভোট দেওয়ার আগে কোন দল কোন আদর্শে দেশ চালাতে চায়, তা স্পষ্টভাবে দেখা জরুরি।”

চরমোনাই পীর উল্লেখ করেন যে, ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশে গুণগত পরিবর্তনের লক্ষ্যে ঝুঁকি নিয়ে এককভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। তিনি বলেন, “আমরা এই লড়াইয়ে একা নই; আমাদের সঙ্গে আল্লাহ আছেন এবং দেশের দেশপ্রেমিক ও ইসলামপ্রিয় জনতা আছেন।”

বক্তব্যে তিনি বিএনপি এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের সমালোচনা করে বলেন, দুই পক্ষই ক্ষমতায় গেলে সেই পুরনো প্রচলিত আইন ও গণতান্ত্রিক ব্যবস্থায় দেশ পরিচালনার কথা বলছে। কিন্তু এই ব্যবস্থায় জনগণ অতীতেও শান্তি ও মুক্তি পায়নি। তিনি একটি ইনসাফভিত্তিক সমাজ ও ইসলামী আদর্শের রাষ্ট্র প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

নবীনগর উপজেলা ইসলামী আন্দোলনের উদ্যোগে আয়োজিত এই জনসভায় স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। নির্বাচনী প্রচারণা শেষ পর্যায়ে থাকায় এই জনসভাকে কেন্দ্র করে পুরো নবীনগর এলাকায় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

মন্তব্য করুন