বড় পর্দায় ফিরছে ‘মির্জাপুর’: আবার মুন্না ভাইয়ার চরিত্রে দেখা যাবে দিব্যেন্দুকে
অনলাইন ডেস্ক: ওটিটি প্ল্যাটফর্মে ঝড় তোলার পর এবার রূপালী পর্দায় বাজিমাত করতে আসছে জনপ্রিয় ভারতীয় ক্রাইম-থ্রিলার সিরিজ ‘মির্জাপুর’। আর বড় পর্দার এই ধামাকায় দর্শকদের সবচেয়ে বড় চমক হিসেবে ফিরে আসছেন তাঁদের প্রিয় চরিত্র ‘মুন্না ভাইয়া’।
চরিত্রটিতে পুনরায় অভিনয়ের মধ্য দিয়ে পর্দায় ফিরছেন প্রতিভাবান ভারতীয় অভিনেতা দিব্যেন্দু। আগামী ৪ সেপ্টেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে বহুল প্রতীক্ষিত ‘মির্জাপুর : দ্য মুভি’।
‘মির্জাপুর’ ফ্র্যাঞ্চাইজির অন্যতম চালিকাশক্তি ও তুমুল জনপ্রিয় চরিত্র হলো এই মুন্না ভাইয়া। তাই সিনেমার পর্দায় চরিত্রটির আকস্মিক প্রত্যাবর্তন নিয়ে ভক্তদের মাঝে ইতিমধ্যই ব্যাপক কৌতূহল ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে মুন্না ভাইয়া চরিত্রে আবার ফিরে আসার অনুভূতি ও অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন দিব্যেন্দু। এই অভিনেতার মতে, চরিত্রটিতে ফেরাটা কেবল অভিনয়ের আরেকটি প্রজেক্ট বা পেশাগত কাজ নয়; বরং এটি তাঁর নিজের জীবনের একটি পুরনো অধ্যায়ে ফিরে যাওয়ার মতোই পরম আনন্দের। চরিত্রটিতে রূপদানের জন্য তিনি একই সাথে রোমাঞ্চিত এবং কিছুটা নার্ভাস বলেও জানান।
দীর্ঘ বিরতির পর দর্শকরা মুন্না ভাইয়াকে কীভাবে গ্রহণ করবেন, তা নিয়ে চিন্তার কথা জানিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়াকে দিব্যেন্দু বলেন, ‘এই সিনেমার মাধ্যমে পর্দায় ফিরে আসাটা আমার কাছে জীবনের পূর্ণচক্র সম্পন্ন হওয়ার মতো। আমি একই সঙ্গে ভীষণ উত্তেজিত ও কিছুটা নার্ভাস। দর্শকরা আবার মুন্নাকে কীভাবে নেবেন এবং এত জনপ্রিয় একটি চরিত্রের প্রতি আমি যথাযথ সুবিচার করতে পেরেছি কি না—সেসব ভাবনা মাথায় কাজ করছে। এটি শুধুই ভক্তদের ভালোবাসার প্রতি উৎসর্গীকৃত।’
অভিনয় দর্শনে নিজের মতামত জানিয়ে তিনি আরও বলেন, তিনি সবসময় তাঁর রূপায়িত চরিত্রগুলোকে দর্শকদের কাছে বাস্তবসম্মত ও মানবিক করে তুলতে চেষ্টা করেন। একঘেয়ে বা একই ধাঁচের চরিত্রে আটকা না পড়ে অভিনয়ে নিত্যনতুন ঝুঁকি নিতে এবং বিভিন্ন চ্যালেঞ্জিং চরিত্র নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাতে ভালোবাসেন। এ ক্ষেত্রে ভক্তদের কাছ থেকেও তিনি সবসময় অকুন্ঠ সমর্থন পেয়ে এসেছেন।
ক্যারিয়ারে এমন শক্তিশালী ও কালজয়ী চরিত্র পাওয়ার জন্য নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করেন দিব্যেন্দু। সেই সাথে তাঁর ওপর আস্থা রাখার জন্য সিনেমার নির্মাতা ও লেখকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
‘মির্জাপুর : দ্য মুভি’ পরিচালনা করেছেন গুরমিত সিং। বিশাল ক্যানভাসের এই সিনেমায় দিব্যেন্দুর পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজল, শ্বেতা ত্রিপাঠী, রসিকা দুগাল, জিতেন্দ্র কুমার, রবি কিষাণ, হর্ষিতা গৌর, শ্রিয়া পিলগাঁওকর, শিবা চাড্ডা ও রাজেশ তৈলাং।
ইতিমধ্যেই প্রকাশ পাওয়া সিনেমাটির অফিশিয়াল টিজার ও ট্রেলারে মুন্না ভাইয়ার রহস্যময় উপস্থিতি দেখা গেছে, যা ‘মির্জাপুর’ প্রেমীদের দীর্ঘ অপেক্ষাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
|