গৌরনদীতে চালককে অচেতন করে ইজিবাইক ছিনতাই

প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ণ
গৌরনদীতে চালককে অচেতন করে ইজিবাইক ছিনতাই

সাঈদ পান্থ, বরিশাল: বরিশালের গৌরনদীতে অপু বিশ্বাস (২৮) নামে এক চালককে অচেতন করে তাঁর ইজিবাইক, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

গুরুতর অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

ভুক্তভোগী অপু আগৈলঝাড়া উপজেলার মোল্লাপাড়া এলাকার চাপাচুপা গ্রামের শিরোমণি বিশ্বাসের ছেলে।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে অপুর ভাই শিশির বিশ্বাস জানান, শুক্রবার বিকেলে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর রাতে হাসপাতাল সূত্রে তাঁরা অপুর অচেতন হওয়ার খবর পান। এখনো জ্ঞান না ফেরায় ঠিক কোথায় এবং কীভাবে ঘটনাটি ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

হাসপাতালের জরুরি বিভাগের উপসহকারী মেডিকেল অফিসার জাহিদুল ইসলাম জানান, রাতে অজ্ঞাত ব্যক্তিরা চালককে হাসপাতালে রেখে যায়। বর্তমানে তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগীর জ্ঞান ফিরলে কথা বলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে গৌরনদীর বাটাজোর এলাকা থেকে ইজিবাইকসহ নিখোঁজ হওয়া মামুন রাঢ়ী নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছিল। দীর্ঘদিনেও সেই হত্যা মামলার রহস্য উন্মোচিত না হওয়ায় চরম উদ্বিগ্ন স্থানীয়রা।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন