অ্যাম্বুলেন্স ভাড়া নির্ধারণে চসিকের নতুন উদ্যোগ
মোহাম্মদ আলী, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রোগী ও মরদেহ পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় এবং স্বজনদের হয়রানি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। এখন থেকে হাসপাতালের নির্ধারিত রেট চার্ট দৃশ্যমান স্থানে টাঙানো থাকবে এবং এর বাইরে অতিরিক্ত কোনো অর্থ আদায় করা যাবে না।
আজ সোমবার (৮ জুন) চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া পুনর্মূল্যায়ন ও যৌক্তিককরণ বিষয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন জানান, ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে চসিকের ক্রাশ প্রোগ্রাম এবং উন্নতমানের লার্ভিসাইড ব্যবহার সফল হয়েছে। পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, “২০২৩ সালে চট্টগ্রামে প্রায় ৯ হাজার ডেঙ্গু রোগী ও ৭৮ জনের মৃত্যু হয়েছিল। ২০২৪ সালে আক্রান্ত ২,৭৪৮ ও মৃত্যু ১৬ জনে এবং ২০২৫ সালে আক্রান্ত ২,৬২২ ও মৃত্যু ৮ জনে নেমে আসে। আর চলতি ২০২৬ বছরের প্রথম ছয় মাসে আক্রান্তের সংখ্যা মাত্র ১০৭ জন এবং এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।” তবে মশার লার্ভা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হবে বলে তিনি সতর্ক করেন।
হাসপাতালের পরিবেশ সুরক্ষায় চসিক ও চমেক কর্তৃপক্ষের যৌথ ব্যবস্থাপনায় ২০ জন পরিচ্ছন্নতা কর্মী তিন শিফটে দায়িত্ব পালন করবেন বলে জানান মেয়র। একই সাথে হাসপাতাল এলাকার ফুটপাত ও উন্মুক্ত স্থানগুলোতে সৌন্দর্যবর্ধন, সবুজায়ন এবং গ্রাফিতি স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। ৭৫০ শয্যার চমেক হাসপাতালে বর্তমানে দৈনিক কয়েক হাজার রোগী সেবা নেওয়ায় জনবলের ওপর চাপ সৃষ্টি হচ্ছে উল্লেখ করে তিনি সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীনের সভাপতিত্বে সভায় হাসপাতালের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও অ্যাম্বুলেন্স মালিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা
|