আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

প্রকাশ: বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ণ
আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে আহত হিমেলের দুই চোখ হারানোর ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (৯ জুন) রাতে পৌর সদরের বাইমহাটী বাজার ও গাড়াইল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— পৌর সদরের পুষ্টকামুরী গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা এবং গাড়াইল এলাকার রেজাউল করিমের ছেলে ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রাব্বি সাদ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে পৌর সদরের বাইমহাটী বাজার এলাকায় অভিযান চালিয়ে সোহেল রানা এবং গাড়াইল এলাকায় নিজ বাসা থেকে আব্দুর রাব্বি সাদকে গ্রেফতার করা হয়। পরে গোড়াই লালবাড়ি এলাকার হিমেলের মা নাসিমা বেগমের করা মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে তাদের গ্রেফতার দেখানো হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের ছররা গুলিতে অন্যদের সঙ্গে হিমেলও গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানান, ছররা গুলির আঘাতে হিমেলের দুই চোখই চিরতরে অন্ধ হয়ে গেছে। এ ঘটনায় একই বছরের ৭ অক্টোবর টাঙ্গাইলের আদালতে ১০০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা করেন হিমেলের মা নাসিমা বেগম।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মামলার তদন্তে নাম আসায় ওই দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার তাদের টাঙ্গাইলের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

মন্তব্য করুন