বেইলি সেতু ভেঙে আলুবোঝাই ট্রাক খালে

প্রকাশ: বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ণ
বেইলি সেতু ভেঙে আলুবোঝাই ট্রাক খালে

আঞ্চলিক প্রতিনিধি, পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাফা বন্দরের দেবীপুর এলাকায় অতিরিক্ত আলুবোঝাই একটি ভারী ট্রাক পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পুরো বেইলি সেতুটি ভেঙে খালে পড়ে গেছে। 

গতকাল মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। তবে গভীর রাতে দুর্ঘটনাটি ঘটায় অলৌকিকভাবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

সেতুটি ধসে পড়ার পর থেকে মঠবাড়িয়া-পাথরঘাটা-চরখালী আঞ্চলিক মহাসড়কের গুরুত্বপূর্ণ ১২টি রুটে সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। আকস্মিক এই বিপর্যয়ের কারণে বিধ্বস্ত সেতুর দুই পাড়েই ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশালসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দূরপাল্লার নৈশকোচসহ শত শত মালবাহী গাড়ি আটকা পড়েছে। ফলে দুই পাশে আটকা পড়া হাজার হাজার সাধারণ যাত্রী, চালক ও স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীদের চরম ভোগান্তির মুখোমুখি হতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দা সুমন বেপারী জানান, সেতুটি ভেঙে পড়ায় আঞ্চলিক মহাসড়কে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। দূরপাল্লার যাত্রী ও স্থানীয় সাধারণ মানুষকে এখন বাধ্য হয়ে বাস থেকে নেমে অতিরিক্ত টাকা খরচ করে ছোট ছোট খেয়া নৌকার মাধ্যমে জীবনের ঝুঁকি নিয়ে খাল পার হতে হচ্ছে। কোনো ধরনের পণ্যবাহী গাড়ি চলাচল করতে পারছে না, এমনকি জরুরি অবস্থায় কোনো মুমূর্ষু রোগী পরিবহনের পথও এখন অবরুদ্ধ।

স্থানীয়রা জানান, ধসে পড়া এই বেইলি সেতুর ঠিক পাশেই বর্তমানে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের তত্ত্বাবধানে একটি স্থায়ী পাকা সেতুর নির্মাণকাজ চলমান রয়েছে। যার ফলে প্রধান সড়কের যানবাহনগুলো সাময়িকভাবে এই পুরনো বেইলি সেতুটি ব্যবহার করে পারাপার হচ্ছিল। তবে কয়েক বছর ধরেই লোহার এই বেইলি সেতুটি চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল।

মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ধসে পড়া বেইলি সেতুটি বেশ পুরনো ছিল। এটির সর্বোচ্চ ওজন ধারণ ক্ষমতা ছিল মাত্র ২০ মেট্রিক টন। কিন্তু দুর্ঘটনাকবলিত ট্রাকটিতে ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি ওজনের আলু বোঝাই করা ছিল। এই অতিরিক্ত ওজনের চাপ নিতে না পেরেই সেতুটি ভেঙে পড়েছে। এতে এই রুটে বড় ধরনের জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে।”

এদিকে খবর পেয়ে সকালেই পিরোজপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, “অতিরিক্ত পণ্যবোঝাই ট্রাকের কারণেই লোহার কাঠামোটি ভেঙে পড়েছে। এই গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়কে সড়ক যোগাযোগ পুনরায় সচল করতে আমরা কাজ শুরু করেছি। বিধ্বস্ত সেতুটি দ্রুত সংস্কার করার পাশাপাশি বিকল্প উপায়ে যেন হালকা যানবাহন ও যাত্রী পারাপার করা যায়, সেই ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন