নারী এমপিদের উন্নয়ন কার্যক্রমে ভূমিকা রাখার অধিকার রয়েছে: তারেক রহমান

প্রকাশ: বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:০৬ অপরাহ্ণ
নারী এমপিদের উন্নয়ন কার্যক্রমে ভূমিকা রাখার অধিকার রয়েছে: তারেক রহমান

অনলাইন ডেস্ক: সংরক্ষিত নারী সংসদ সদস্যদেরও নিজ এলাকার উন্নয়ন কার্যক্রমে কাজ করার অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১০ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে ঢাকা-১৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেমের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিরোধী দলীয় সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় সরকারি দলের সংরক্ষিত নারী সংসদ সদস্যদের দায়িত্ব দেওয়ার বিষয়টি তুলে ধরে প্রশ্ন করেন মীর আহমদ বিন কাসেম।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, কয়েকদিন আগে নারী সংসদ সদস্যদের নির্বাচিত করা হয়েছে। সংবিধান বা আইনে তাদের জন্য নির্দিষ্ট কোনো আসন নেই। রাজনৈতিক ও সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে তারা কোথায় কাজ করবেন, সে বিষয়ে দলীয়ভাবে কিছু এলাকা নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, একজন সংসদ সদস্য হিসেবে নিজ নির্বাচনী এলাকার উন্নয়নে ভূমিকা রাখার অধিকার যেমন রয়েছে, তেমনি সংসদ কর্তৃক নির্বাচিত নারী সংসদ সদস্যদেরও নিজ এলাকার মানুষের জন্য কাজ করার অধিকার রয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, সরকারের প্রচলিত নিয়ম অনুযায়ীই এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। কোনো উন্নয়নমূলক বিষয়ে সহযোগিতার প্রয়োজন হলে তা জানাতে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।

জাতীয় সংসদের ৩৫০টি আসনের মধ্যে ৫০টি নারী সদস্যদের জন্য সংরক্ষিত। ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে ৩৬ জন, জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট থেকে ১২ জন এবং একজন স্বতন্ত্র সদস্য নির্বাচিত হয়েছেন।

এর আগে বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত পাঁচটি তারকা চিহ্নিত প্রশ্নের মধ্যে তিনি তিনটির উত্তর দেন এবং বিভিন্ন সম্পূরক প্রশ্নের জবাব দেন।

মন্তব্য করুন