৮০ বছরে পা দেওয়ার মুখে ট্রাম্প: ক্ষমতা হ্রাসের জল্পনা ও মধ্যবর্তী নির্বাচনের চ্যালেঞ্জ

প্রকাশ: বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৩২ অপরাহ্ণ
৮০ বছরে পা দেওয়ার মুখে ট্রাম্প: ক্ষমতা হ্রাসের জল্পনা ও মধ্যবর্তী নির্বাচনের চ্যালেঞ্জ

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী রোববার ৮০ বছরে পদার্পণ করতে যাচ্ছেন। এই বয়সে এসেও তিনি নিজের রাজনৈতিক শক্তি প্রদর্শনের সর্বোচ্চ চেষ্টা করছেন। তবে দেশ-বিদেশে সাম্প্রতিক কিছু ধাক্কা তার ক্ষমতার সীমাবদ্ধতাকে প্রকাশ্যে এনে দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্প ক্রমশ একজন ক্ষমতাশূন্য প্রেসিডেন্টের দিকে ধাবিত হচ্ছেন; যেই পরিস্থিতি এড়াতে তিনি সবসময় মরিয়া ছিলেন।

দ্বিতীয় মেয়াদের ১৭ মাস পার হওয়ার পর দেখা যাচ্ছে, মার্কিন আদালতগুলো তার বিভিন্ন সিদ্ধান্তের বিরোধিতা করছে, ইরান যুদ্ধ বন্ধ করার তার নিজস্ব প্রচেষ্টা স্থবির হয়ে পড়েছে এবং তার জনপ্রিয়তার রেটিংও আগের চেয়ে কমছে। এমনকি মার্কিন কংগ্রেসের কিছু রিপাবলিকান সদস্যও এখন তার সিদ্ধান্ত অমান্য করতে শুরু করেছেন, যদিও দলের মূল সমর্থকদের ওপর ট্রাম্পের নিয়ন্ত্রণ এখনও বেশ শক্ত।

আগামী নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে ট্রাম্পের রিপাবলিকান পার্টি এখন তীব্র লড়াই করছে। এই নির্বাচনে যদি একটি বা দুটি কক্ষই বিরোধীদের নিয়ন্ত্রণে চলে যায়, তবে ট্রাম্পের ‘লেম ডাক’ বা প্রভাবহীন হয়ে পড়ার প্রক্রিয়া আরও ত্বরান্বিত হবে। মার্কিন সংবিধানে একজন প্রেসিডেন্টের তৃতীয়বার প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ না থাকায়, এই সময়ে এসে সাধারণত তাদের অভ্যন্তরীণ ক্ষমতা ও প্রভাব কমে যায়।

হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস অবশ্য এই ধরনের জল্পনা উড়িয়ে দিয়ে বলেছেন, "প্রেসিডেন্ট ট্রাম্প রিপাবলিকান পার্টির অবিসংবাদিত নেতা, যিনি কংগ্রেসে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।"

তবে ট্রাম্পের বয়স ও মানসিক ফিটনেস নিয়ে প্রশ্ন কিন্তু উঠছেই। গত ফেব্রুয়ারিতে রয়টার্স/ইপসোসের এক জরিপে দেখা গেছে, ৬১ শতাংশ আমেরিকান মনে করেন বয়সের কারণে ট্রাম্পের আচরণ দিন দিন আরও অনিয়মিত হয়ে উঠছে। আগামী রোববার হোয়াইট হাউসের লনে একটি ইউএফসি কেজ ফাইট (UFC cage fight) আয়োজনের মাধ্যমে তিনি তার ৮০তম জন্মদিন উদযাপন করবেন।

সূত্র: রয়টার্স

মন্তব্য করুন