লালনের মাজার মাদকমুক্ত করার দাবি এমপি আমির হামজার
সংসদ বিষয়ক ডেস্ক: কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় অবস্থিত বিশ্বখ্যাত বাউল সাধক লালন শাহের মাজারকে সম্পূর্ণরূপে মাদকমুক্ত ও অনৈতিক কর্মকাণ্ডমুক্ত করার ব্যাপারে প্রশাসনের কোনো সুনির্দিষ্ট উদ্যোগ আছে কি না— তা জানতে চেয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য (এমপি) আমির হামজা।
আজ বুধবার (১০ জুন) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর কাছে তিনি এই প্রশ্ন তোলেন।
সংসদ অধিবেশনে বক্তব্য রাখার সময় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা অভিযোগ করে বলেন, “লালন শাহের জন্ম ও মৃত্যুবার্ষিকী স্মরণোৎসবের সময় প্রশাসনের প্রকাশ্য পাহারায় ওই মাজারে অনৈতিক কর্মকাণ্ড এবং সংস্কৃতির আড়ালে নানাবিধ অপসংস্কৃতির চর্চা হয়ে থাকে।”
সংস্কৃতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি আরও বলেন, “লালন শাহের মাজার এলাকাকে পুরোপুরি মাদকমুক্ত করার কোনো পরিকল্পনা সরকারের আছে কি না? কারণ, উৎসবের সময় যে ৬ দিন সেখানে প্রশাসনের উপস্থিতিতেই সংস্কৃতির নামে এসব বিতর্কিত কাজ চলে, তা বন্ধে মাননীয় মন্ত্রী মহোদয় কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন কি না?”
সংসদ সদস্যের এমন প্রশ্নের জবাবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি। আমরা কেবল লালন শাহের মাজার বা নির্দিষ্ট কোনো এলাকা নয়; বরং আমাদের সরকারের মূল লক্ষ্য হলো পুরো বাংলাদেশকেই মাদকমুক্ত ও একটি সুস্থ সাংস্কৃতিক পরিবেশের আওতায় নিয়ে আসা। সেই লক্ষ্যে মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
সংসদ সূত্র জানায়, লালন মাজারে বাউল উৎসবের নামে মাদক ও অনৈতিকতার যে অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে পবিত্রতা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।
এআইএল/সকালবেলা
|