কটিয়াদীতে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

প্রকাশ: বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:১৩ অপরাহ্ণ
কটিয়াদীতে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শহিদুল্লাহকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। 

গতকাল মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আচমিতা ইউনিয়নের উখড়াশাল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

কটিয়াদী থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মো. শহিদুল্লাহ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আচমিতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এবং বর্তমানে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি উখড়াশাল গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে কটিয়াদী থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা ছিল। মামলা দায়েরের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

গতকাল গভীর রাতে তিনি বাড়িতে অবস্থান করছেন— এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কটিয়াদী মডেল থানা-পুলিশের একটি চৌকস দল তার বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে হাতেনাতে গ্রেফতার করে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, “সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় এজাহারনামীয় আসামি হওয়ায় ইউপি সদস্য শহিদুল্লাহকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।” এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ তৎপরতা অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন