সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের গণসংবর্ধনা

প্রকাশ: বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ণ
সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের গণসংবর্ধনা

সোনারগাঁও প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ঐতিহ্যবাহী হোসেনপুর-শম্ভুপুরা-পিরোজপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা ও এলাকাবাসীর পক্ষ থেকে এক বর্ণাঢ্য গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার (১০ জুন) দুপুরে বিদ্যালয়ের অডিটোরিয়াম কক্ষে এই সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নবগঠিত এডহক কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ বজলুর রহমানের সভাপতিত্বে এবং হুমায়ুন কবির মাস্টারের সুনিপুণ সঞ্চালনায় পরিচিতি সভাটি শুরু হয়। এতে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক দিয়ে বরণ করে নেন এলাকার সর্বস্তরের জনগণ, অভিভাবক ও শিক্ষার্থীরা। এলাকাবাসী নতুন কমিটির প্রতি তাদের পূর্ণ আস্থা ও সমর্থন ব্যক্ত করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক মিয়াজী। এ সময় আরও উপস্থিত ছিলেন নবগঠিত এডহক কমিটির অভিভাবক সদস্য কামাল হোসেন ও শিক্ষক সদস্য আব্দুস সালাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন— দৈনিক বাংলাদেশের আলোর সম্পাদক ও প্রকাশক মফিজুর রহমান বাবু, বিশিষ্ট সমাজসেবক কবির হোসেন ভূঁইয়া বাবুল, আলী আহমদ মেম্বার, মুজিবুর রহমান রিপন, মুক্তার হোসেন এবং স্থানীয় জনকল্যাণ সমিতির উপদেষ্টা জাকির হোসেন। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে আলহাজ্ব মোহাম্মদ বজলুর রহমান বলেন, “একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে এবং শিক্ষার মানোন্নয়নে পরিচালনা কমিটি, শিক্ষক ও অভিভাবকসহ সবাইকে আন্তরিকভাবে একযোগে কাজ করতে হবে। অতীতেও আমি এই বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও সেই উন্নয়নের ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকবে।”

তিনি আরও এক গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়ে বলেন, “দূর-দূরান্ত থেকে আসা শিক্ষকদের আবাসন সংকট দূর করতে এবং বিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে খুব শীঘ্রই একটি আধুনিক শিক্ষক আবাসিক ভবন নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। যাতে শিক্ষকেরা বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান করে সম্পূর্ণ শান্ত ও সুন্দর পরিবেশে শিক্ষার্থীদের নিবিড়ভাবে পাঠদান সম্পন্ন করতে পারেন।” তিনি বিদ্যালয়ের সার্বিক কল্যাণ ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে সুধী সমাজসহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন