মনপুরায় ‘জয় বাংলা’ লিখে ছাত্রলীগ নেতা গ্রেফতার

প্রকাশ: বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:২১ অপরাহ্ণ
মনপুরায় ‘জয় বাংলা’ লিখে ছাত্রলীগ নেতা গ্রেফতার

মনপুরা (ভোলা) প্রতিনিধি: ভোলার মনপুরায় স্থানীয় ব্যবসায়ী ও বিএনপি কার্যালয়ের শাটারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ‘জয় বাংলা’ স্লোগান লেখার ঘটনায় দায়ের হওয়া মামলায় এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। 

আজ বুধবার (১০ জুন) দুপুরে গ্রেফতারকৃত ওই নেতাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত শিপন উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গিয়াসউদ্দিন পাটোয়ারীর ছেলে এবং স্থানীয় ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি মনপুরায় স্থানীয় এক ব্যবসায়ীর দোকান ও বিএনপি কার্যালয়ের শাটারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দলীয় স্লোগান ‘জয় বাংলা’ লিখে উসকানিমূলক পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হয়। এই ঘটনায় তীব্র ক্ষোভের সৃষ্টি হলে স্থানীয় এক স্বেচ্ছাসেবক দল নেতার পক্ষ থেকে মনপুরা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর থেকেই পুলিশ আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় পুলিশ শিপনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এদিকে শিপনের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, শিপন এই স্লোগান লিখন বা কোনো ধরনের হট্টগোলের সাথে জড়িত নন। স্থানীয় রাজনৈতিক প্রতিহিংসার জেরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে এই মামলায় জড়ানো হয়েছে এবং পুলিশ দিয়ে আটক করানো হয়েছে। তারা শিপনের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।

মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, “উপজেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতার দায়ের করা মামলায় এজাহারনামীয় আসামি হিসেবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ওই নেতাকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়েছে।” এই ঘটনার সাথে জড়িত বাকি আসামিদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন