১৮০ দিনের মধ্যে ৫ জেলায় চালু হচ্ছে ‘ই-হেলথ কার্ড’: প্রধানমন্ত্রী

প্রকাশ: বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ণ
১৮০ দিনের মধ্যে ৫ জেলায় চালু হচ্ছে ‘ই-হেলথ কার্ড’: প্রধানমন্ত্রী
বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তারকা চিহ্নিত প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : পিএমও

অনলাইন ডেস্ক: ১৮০ দিনের মধ্যে দেশের ৫টি জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আজ বুধবার (১০ জুন) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে পাবনা-৫ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, "১৮০ দিনের কর্মসূচির আওতায় জনগণকে ‘ই-হেলথ কার্ড’ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই বিষয়ক একটি প্রকল্প বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রকল্পটির মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে দেশের ৫টি জেলা যথাক্রমে খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদীর জনসাধারণকে ই-হেলথ কার্ড সেবা প্রদান কার্যক্রম শুরু করা হবে।" তিনি আরও জানান, এই ই-হেলথ কার্ডটি মূলত ইলেক্ট্রনিক রিফারেল সিস্টেম এবং ইলেক্ট্রনিক পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে সরাসরি সংযুক্ত থাকবে।

একই সঙ্গে প্রধানমন্ত্রী তাঁর সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ১৮০ দিনের অগ্রাধিকারমূলক কর্মসূচির বিভিন্ন খাতের অগ্রগতি সংসদের সামনে তুলে ধরেন।

মন্তব্য করুন