ইসরায়েলি আগ্রাসন না থামালে পুরো মানবজাতিকে খেসারত দিতে হবে: এরদোগান
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের চলমান বর্বরতা ও আগ্রাসন এখন আর কোনো নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ নেই, বরং তা পুরো বিশ্বের জন্য এক বিরাট হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।
আজ বুধবার (১০ জুন) তুর্কি পার্লামেন্টে দেওয়া এক নীতিনির্ধারণী ভাষণে তিনি এই মন্তব্য করেন।
তুর্কি পার্লামেন্টে সংসদ সদস্যদের উদ্দেশে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট এরদোগান বলেন, “সিরিয়া এবং লেবাননে ইসরায়েলের একের পর এক সামরিক হামলা ও আগ্রাসী নীতি এখন খোদ তুরস্কের জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। তেল আবিবের এই বেপরোয়া আচরণ পুরো মধ্যপ্রাচ্যকে এক দীর্ঘস্থায়ী যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।”
তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে সতর্ক করে বলেন, “ইসরায়েলের এই রাষ্ট্রীয় গুন্ডামি ও ঔদ্ধত্য যদি এখনই আন্তর্জাতিক মহলের সম্মিলিত প্রচেষ্টায় রুখে দেওয়া না যায়, তবে এর ভয়াবহ ও সুদূরপ্রসারী পরিণতি কেবল এই অঞ্চলকেই নয়, বরং পুরো মানবজাতিকে সমানভাবে ভোগ করতে হবে।”
তুর্কি প্রেসিডেন্ট বৈশ্বিক পরাশক্তি ও আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর নিষ্ক্রিয়তার সমালোচনা করে বলেন, “ইসরায়েলি বর্বরতা বন্ধ করা এখন কেবল কোনো রাজনৈতিক সমীকরণ নয়; বরং এটি বিশ্ববিবেক ও মানবতার এক অন্যতম প্রধান দায়িত্ব। ইতিহাসকে নতুন করে রক্তাক্ত অধ্যায়ের পুনরাবৃত্তি করার সুযোগ দেওয়া কোনোভাবেই উচিত হবে না।”
একই সাথে তিনি বিশ্বমঞ্চে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে অনতিবিলম্বে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের জন্য বিশ্বের সকল শান্তিকামী রাষ্ট্রকে একতাবদ্ধ হওয়ার জোর আহ্বান জানান।
সূত্র: ডেইলি জং।
এআইএল/সকালবেলা
|