দাবি বাস্তবায়নের আশ্বাসে আন্দোলন স্থগিত করলেন ইন্টার্ন চিকিৎসকরা
নিজস্ব প্রতিবেদক: ছয় দফা দাবি বাস্তবায়নের আশ্বাস পেয়ে ইন্টার্ন ও পোস্টগ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের চলমান কর্মবিরতি এবং মেডিকেল শিক্ষার্থীদের ক্লাস বর্জন কর্মসূচি সাত কার্যদিবসের জন্য স্থগিত করা হয়েছে।
আজ সোমবার (৮ জুন) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরে অনুষ্ঠিত বৈঠক শেষে কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) সাধারণ সম্পাদক ডা. নাবিল বিন কাশেম। তিনি বলেন, আজ স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বয়ে অনুষ্ঠিত বৈঠকে তাঁদের দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়েছে এবং আগামী সাত কার্যদিবসের মধ্যে সেগুলো আনুষ্ঠানিকভাবে বাস্তবায়নের নিশ্চয়তাও মিলেছে। তাই আগামীকাল থেকে চলমান কর্মবিরতি ও আন্দোলন সাত কার্যদিবসের জন্য স্থগিত থাকবে।
এর আগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, ইন্টার্ন চিকিৎসকদের দাবিগুলো অত্যন্ত যৌক্তিক এবং আলোচনার মাধ্যমে সেগুলোর সমাধানের বিষয়ে সরকার ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। তিনি জানান, ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা বর্তমানের ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে নবম গ্রেডের বেসিক বেতনের সমপরিমাণ অর্থাৎ ২২ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে এফসিপিএস প্রশিক্ষণরত চিকিৎসকদের কোনো ধরনের ইনক্রিমেন্ট ছাড়া নবম গ্রেডের সমপর্যায়ের সুযোগ-সুবিধা দেওয়া হবে।
স্বাস্থ্য সচিব আরও জানান, সরকারের নতুন পে-স্কেল বাস্তবায়ন কৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখে ইন্টার্ন ও পোস্টগ্র্যাজুয়েট চিকিৎসকদের বর্তমান ভাতা আনুপাতিক হারে বৃদ্ধি করা হবে। এছাড়া এফসিপিএস পার্ট-১ এবং এমডি/এমএস (ফেজ-১) পরীক্ষায় উত্তীর্ণ সব বেসরকারি প্রশিক্ষণার্থী মাসিক ভাতা পাবেন এবং এই ভাতা নিয়মিতভাবে প্রতি মাসে পরিশোধ করা হবে। স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের ক্ষেত্রে অংশীজনদের সঙ্গে পরামর্শক্রমে কার্যকর উদ্যোগ এবং বিসিএস স্বাস্থ্য ক্যাডারে চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির বিষয়টি বিবেচনার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে বলেও তিনি জানান। এছাড়া বিসিপিএস ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফি যৌক্তিক পর্যায়ে নির্ধারণ এবং বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের চিকিৎসকদের জন্য একটি সম্মানজনক বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।
উক্ত বৈঠকে ১২ সদস্যের ইন্টার্ন চিকিৎসক প্রতিনিধিদল উপস্থিত ছিলেন। প্রতিনিধিদলে ছিলেন ঢামেক হাসপাতালের ডা. মোস্তফা আমির ফয়সাল ও ডা. নাবিল বিন কাশেম; এসএসএমসি হাসপাতালের ডা. আল মেয়ান শেখ; এসএইচএসএমসি হাসপাতালের ডা. মো. ফজলে এলাহী তরুন ও ডা. সাব্বির হোসাইন; মুমেক হাসপাতালের ডা. তানজিম মাহফুজ মজুমদার; খুমেক হাসপাতালের ডা. আল আমিন; রামেক হাসপাতালের ডা. তানভীর আহমেদ তৌকির; চমেক হাসপাতালের ডা. সাকিব হোসাইন ও ডা. জামান মোহাম্মদ নুরশাদ এবং সিওমেক হাসপাতালের ডা. মো. মিসবাহুর রহমান ও ডা. মুসফিকুল ইসলাম রাফিন।
|