সড়ক দুর্ঘটনা রোধে ২৮শ’ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে সরকার

প্রকাশ: রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:২৭ অপরাহ্ণ
সড়ক দুর্ঘটনা রোধে ২৮শ’ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে সরকার

নিজস্ব প্রতিবেদক: সড়ক দুর্ঘটনা রোধে বিশ্বব্যাংকের আর্থিক সহযোগিতায় সরকার ২ হাজার ৮০০ কোটি টাকার একটি মেগা প্রকল্প গ্রহণ করেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি উল্লেখ করেন, সড়কে চলাচলের ক্ষেত্রে জনগণের অসচেতনতা এবং একই সড়কে ছোট-বড় সব ধরনের যানবাহন চলাচলই বর্তমানে দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ।

আজ রোববার (১৭ মে) দুপুরে রাজবাড়ী পৌরসভা মিলনায়তনে রাজবাড়ী জেলা প্রশাসন ও বিআরটিএ আয়োজিত চেক বিতরণ এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গণসচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

সম্প্রতি দৌলতদিয়া ফেরিঘাটে ঘটে যাওয়া ভয়াবহ বাসডুবির ঘটনার প্রসঙ্গ টেনে সেতুমন্ত্রী বলেন, "ওই দুর্ঘটনার জন্য চালকের অদক্ষতা, অসচেতনতা, স্বেচ্ছাচারিতা এবং ত্রুটিযুক্ত যানবাহনই সম্পূর্ণ দায়ী।" তিনি জানান, নতুন এই প্রকল্পের আওতায় দেশজুড়ে ৬০ হাজার গাড়িচালককে আধুনিক প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে। চালকদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া, চোখ ও প্রেসার পরীক্ষা করা এবং তারা মাদকাসক্ত কি না—তা যাচাই করাসহ বিভিন্ন কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে। এতে সড়ক দুর্ঘটনা অনেকটাই কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, "সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। দেশের উন্নয়ন তখনই অর্থবহ হয় যখন মানুষের জীবন নিরাপদ থাকে। তাই দ্রুত সড়ক ব্যবস্থাপনা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।"

সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম তাঁর বক্তব্যে বলেন, "দুর্ঘটনা কমাতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণের কোনো বিকল্প নেই। আমরা ১৯৯৪ সাল থেকে পদ্মা ব্যারেজ ও পদ্মাসেতুর জন্য আন্দোলন করছি। ইতোমধ্যে পদ্মা ব্যারাজের প্রকল্পটি একনেকে অনুমোদন পেয়েছে।"

রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, বাংলাদেশ সড়ক পরিবহণ ও মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম এবং রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে, দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবিসহ বিভিন্ন সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের স্বজনদের মাঝে সরকারের পক্ষ থেকে মোট ২ কোটি ৫৮ লাখ টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়। এ সময় জেলা প্রশাসন, বিআরটিএ-র ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন