স্পোর্টস ডেস্ক: মাত্র আট মাস রিয়াল মাদ্রিদের দায়িত্বে থাকার পর বিদায় নিতে হয়েছিল জাবি আলোনসোকে। অধারাবাহিক পারফরম্যান্স এবং ড্রেসিংরুমের নিয়ন্ত্রণ হারানোয় স্প্যানিশ এই কোচের বিদায় নিশ্চিত হয়েছিল সান্তিয়াগো বার্নাব্যু থেকে। তবে চার মাসের ব্যবধানে সাবেক এই স্প্যানিশ তারকা ফুটবলার এবার নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছেন। চার বছরের মেয়াদে চেলসির প্রধান কোচ হিসেবে নিয়োগ পেলেন ৪৪ বছর বয়সী আলোনসো।
বায়ার লেভারকুসেন এবং রিয়াল মাদ্রিদের সাবেক এই মাস্টারমাইন্ড কোচ আগামী ১ জুলাই থেকে ব্লুজদের ডেরায় চেলসির প্রধান কোচ পদে দায়িত্ব শুরু করবেন বলে ক্লাবটি তাদের এক আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত করেছে।
স্টামফোর্ড ব্রিজের ক্লাবটি আলোনসোকে স্বাগত জানিয়ে বলেছে, আধুনিক ফুটবলের সবচেয়ে সম্মানিত ও প্রতিভাবান ব্যক্তিত্বদের একজন জাবি আলোনসো। চেলসিতে পৌঁছানোর আগেই তিনি রিয়াল মাদ্রিদ ও বায়ার লেভারকুসেনের হয়ে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে কোচিং করানোর বিশাল অভিজ্ঞতা অর্জন করেছেন। বিশেষ করে জার্মান ক্লাব লেভারকুসেনের ইতিহাসে প্রথম বুন্দেসলিগা শিরোপা এসেছে তাঁরই হাত ধরে। এবার চেলসিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বড় চ্যালেঞ্জ জাবির সামনে।