মিজানুর রহমান সিনহার জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশ: রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:৫২ অপরাহ্ণ
মিজানুর রহমান সিনহার জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী এবং দেশের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘একমি ল্যাবরেটরিজ লিমিটেড অ্যান্ড গ্রুপ’ এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান সিনহার জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক এই প্রতিমন্ত্রীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এই জানাজায় ইমামতি করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা আবু রায়হান। জানাজায় প্রধানমন্ত্রী ছাড়াও অংশ নেন জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম), ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মন্ত্রিপরিষদ বিভাগের অন্যান্য সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ।

জানাজার আনুষ্ঠানিকতা শেষে প্রয়াত মিজানুর রহমান সিনহার কফিনে পুষ্পস্তবক অর্পণ করে মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর একে একে জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার এবং স্থানীয় সরকার মন্ত্রীসহ অন্যান্য মন্ত্রী ও সংসদ সদস্যরা সাবেক এই প্রতিমন্ত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এর আগে, গত শুক্রবার (১৫ মে) রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এই প্রভাবশালী রাজনীতিবিদ ও বিশিষ্ট শিল্পপতি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

রাজনৈতিক জীবনে মিজানুর রহমান সিনহা মুন্সিগঞ্জ-২ (লৌহজং-টঙ্গিবাড়ী) আসন থেকে বিএনপির মনোনয়নে ১৯৯৬ সালের সপ্তম এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে পরপর দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারে তিনি অত্যন্ত সফলতার সাথে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এ ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কোষাধ্যক্ষ হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব সামলেছেন তিনি। সর্বশেষ ঘোষিত মুন্সিগঞ্জ জেলা বিএনপির কমিটিতে তাঁকে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল।

মন্তব্য করুন