মো. ইউসুফ, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় পিতা ও পুত্র নিহত হয়েছেন।
শনিবার (১৬ মে) রাত ১০টার দিকে হবিগঞ্জ শহরতলীর ধুলিয়াখাল কবির কলেজ রোড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—হবিগঞ্জ শহরের কোর্ট স্টেশন চাষী বাজারের মুদিমাল ব্যবসায়ী ও সুলতান মাহমুদপুর গ্রামের বাসিন্দা আব্দুল কাইয়ুম (৫৫) এবং তাঁর ছেলে জাকির হোসেন (২০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে আব্দুল কাইয়ুম তাঁর ছেলে জাকির হোসেনকে নিয়ে মোটরসাইকেলযোগে ধুলিয়াখাল এলাকার এক দন্ত চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরছিলেন। পথে কবির কলেজ রোড এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিতা-পুত্র গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এদিকে সড়ক দুর্ঘটনায় একই সাথে পিতা-পুত্রের নির্মম মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজনের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ জনতা তাৎক্ষণিকভাবে সড়কে ঘাতক মালবাহী ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পর সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই আব্দুল কাইয়ুম ও তাঁর ছেলে জাকির হোসেন গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পর মারা যান। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধী রয়েছে।
এ.আই.এল/সকালবেলা