জীবনের ভার কীভাবে বয়ে বেড়াব জানি না: কারিনার মা

প্রকাশ: রবিবার, ১৭ মে ২০২৬, ০৪:২৫ অপরাহ্ণ
জীবনের ভার কীভাবে বয়ে বেড়াব জানি না: কারিনার মা

বিনোদন প্রতিবেদক: উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়েছিল কনটেন্ট ক্রিয়েটর ও উদীয়মান অভিনেত্রী কারিনা কায়সারকে। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থাতেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আজ রবিবার (১৭ মে) একমাত্র মেয়ের মরদেহ নিয়ে ঢাকায় ফিরছেন তাঁর মা লোপা কায়সার।

কারিনার এমন অকালমৃত্যুর খবরে শোবিজ অঙ্গনসহ তাঁর পরিবার, সহকর্মী ও ভক্তদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রিয় কন্যাকে হারানোর তীব্র বেদনায় আজ দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি অত্যন্ত আবেগঘন পোস্ট করেছেন মা লোপা কায়সার।

ফেসবুক পোস্টে লোপা কায়সার লিখেছেন “জীবনের অনেক বড় বড় পরীক্ষা হাসিমুখে পার করেছি। কখনো কারও কাছে কিছু চাইনি, কারও অপকার করিনি। সব সময় চেষ্টা করেছি মানুষের উপকার করতে। আজ আমার মেয়েকে ছাড়া জীবনের ভার আমি কীভাবে বয়ে বেড়াব, জানি না।”

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ রবিবার বাদ মাগরিব রাজধানীর বনানী ডিওএইচএস মাঠে কারিনা কায়সারের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ এশা বনানী দরবার শরিফে তাঁর দ্বিতীয় জানাজা সম্পন্ন হবে। একই দিন রাত ১০টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। পরদিন সোমবার (১৮ মে) বাদ ফজর মুন্সিগঞ্জের আবদুল্লাহপুরে তাঁকে দাফন করা হবে।

কয়েক দিন ধরেই লিভার-সংক্রান্ত তীব্র জটিলতায় ভুগছিলেন কারিনা। প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। এরপর উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ের ভেলোরে অবস্থিত খ্রিষ্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকেরা জানান, প্রথমে তাঁর ফুসফুসের চিকিৎসা শুরু করা হয়েছিল এবং পরবর্তীতে লিভার ট্রান্সপ্ল্যান্টের (যকৃৎ প্রতিস্থাপন) প্রস্তুতিও নেওয়া হচ্ছিল। পরিবার জানায়, প্রথমে সামান্য জ্বরে আক্রান্ত হওয়ার পর কারিনার শরীরে মারাত্মক সংক্রমণ ধরা পড়ে। একই সঙ্গে হেপাটাইটিস ‘এ’ ও ‘ই’-জনিত জটিলতায় তাঁর লিভার ফেইলিউর দেখা দেয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে অত্যন্ত প্রাণবন্ত উপস্থাপনা ও জীবনঘনিষ্ঠ নানা কনটেন্টের মাধ্যমে অল্প সময়ে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছিলেন কারিনা কায়সার। কনটেন্ট নির্মাণের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম ও নাটকে অভিনয় এবং চিত্রনাট্য লেখার কাজেও যুক্ত ছিলেন তিনি। ওটিটি ও ছোট পর্দায় তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ব্যাপক প্রশংসিত সিরিজ ‘ইন্টার্নশিপ’ এবং সিনেমা ‘৩৬-২৪-৩৬’।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন