জাতীয় ডেস্ক: সারা দেশে হাম এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল যেন থামছেই না। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসের প্রকোপ ও উপসর্গ নিয়ে দেশে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের তীব্র উপসর্গে ৫ জন এবং ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১ শিশু মারা গেছে।
আজ রবিবার (১৭ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে নিশ্চিত হামে (ল্যাব পরীক্ষায় প্রমাণিত) আক্রান্ত হয়েছে ২৪৩ শিশু। এছাড়া হামের বিভিন্ন সন্দেহজনক উপসর্গ নিয়ে আরও ১ হাজার ২৭৪ শিশু আক্রান্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত ১৫ মার্চ থেকে শুরু করে আজ ১৭ মে পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৪৫৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামের কারণে মারা গেছে ৭৫ শিশু এবং হামের বিভিন্ন জটিল উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে ৩৮৪ শিশু।
একই দুই মাসের ব্যবধানে সারা দেশে নিশ্চিত হামে আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৭৬৭ জনে। আর হামের সন্দেহজনক লক্ষণ ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা ও ভর্তি হয়েছে ৫৭ হাজার ৮৪৬ শিশু। দেশজুড়ে শিশুদের মাঝে হামের এই আকস্মিক প্রকোপ বাড়ায় অভিভাবকদের বাড়তি সতর্কতা ও দ্রুত টিকা নিশ্চিত করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।