নেশাগ্রস্ত পানীয় বিক্রির অভিযোগে দোকানে তালা

প্রকাশ: রবিবার, ১৭ মে ২০২৬, ০৪:১৩ অপরাহ্ণ
নেশাগ্রস্ত পানীয় বিক্রির অভিযোগে দোকানে তালা

তাহসিন মেহেরাব শাওন, ঈদগাঁও (কক্সবাজার): কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মধ্য নাপিতখালী এলাকায় কোমল পানীয় ও জুসের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে বিক্রির অভিযোগে একটি দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয়দের কাছে দোকানটি ‘কালিগরের দোকান’ নামে সুপরিচিত। যুবসমাজকে রক্ষা করতে স্থানীয় প্রশাসনের এমন ঝটিকা পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই দোকানে সাধারণ কোমল পানীয় ও জুসের আড়ালে বিভিন্ন ধরনের ক্ষতিকর বিকৃত পানীয় বিক্রি করা হচ্ছিল। এসব মাদক মিশ্রিত পানীয় সেবন করে এলাকার অনেক কিশোর ও যুবক মারাত্মকভাবে নেশার দিকে ঝুঁকে পড়ছিল। বিষয়টি জানতে পেরে বেশ কিছুদিন ধরে স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের মাঝে চরম উদ্বেগ ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

এলাকাবাসী জানান, যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে তাঁরা বারবার স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে অভিযোগ করে আসছিলেন। পরে স্থানীয়দের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইসলামপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলীর উদ্যোগে ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ (দফাদার)-এর সহায়তায় অভিযুক্ত দোকানটি সিলগালা ও তালাবদ্ধ করে চিরতরে বন্ধ ঘোষণা করা হয়। এ সময় স্থানীয় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে।

এ বিষয়ে ইউপি সদস্য মোহাম্মদ আলী দৃঢ় কণ্ঠে বলেন, “এলাকার যুবসমাজকে মাদক ও নেশার ভয়াবহতা থেকে রক্ষা করতে আমরা সব সময় কঠোর অবস্থানে আছি। কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে এলাকায় এ ধরনের যুবসমাজ ধ্বংসকারী অপকর্ম চালাতে দেওয়া হবে না। এই অপকর্মের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” স্থানীয় সচেতন মহল এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে এলাকায় মাদক ও অপরাধবিরোধী অভিযান আরও জোরদার করার জোর দাবি জানিয়েছেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন