পলাশ চন্দ্র বিশ্বাস, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: দেশব্যাপী হামের প্রকোপ বৃদ্ধির ধারাবাহিকতায় গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১৭ জন শিশু রোগী ভর্তি হয়েছে। আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য হাসপাতালে বিশেষ সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ।
হাসপাতালের শিশু ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স নমিতা হালদার জানান, গত সপ্তাহে হামের তীব্রতা আরও ব্যাপক আকার ধারণ করেছিল। সে সময় সর্বোচ্চ ৩২ জন শিশু হামে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। তবে গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে হামের প্রকোপ কিছুটা কম। তিনি আরও বলেন, “হাম আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও শয্যার ব্যবস্থা রয়েছে। শিশুদের সুস্থতার জন্য ধৈর্য ধরে প্রয়োজনীয় চিকিৎসা নিতে হবে। এক্ষেত্রে অভিভাবকদের অধৈর্য হলে চলবে না। চিকিৎসকদের প্রয়োজনীয় পরামর্শ মেনে চললেই হাম রোগ থেকে দ্রুত উপশম সম্ভব।”
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (সুপারিন্টেনডেন্ট) ডা. জীবিতেশ বিশ্বাস বলেন, “হাম রোগ নিয়ে আতঙ্কিত বা ঘাবড়ানোর কিছু নেই। সারা দেশের মতোই গোপালগঞ্জেও হামের উপসর্গ নিয়ে বর্তমানে ১৭ জন শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আক্রান্ত শিশুদের জন্য বিশেষ সেবা নিশ্চিত করা হচ্ছে।” তিনি আরও জানান, শিশুরা হামের উপসর্গ নিয়ে যে ওয়ার্ডে ভর্তি রয়েছে, সেটিকে সম্পূর্ণ জীবাণুমুক্ত রাখার জন্য সাধারণের প্রবেশাধিকার সংরক্ষিত (সীমাবদ্ধ) করা হয়েছে। পাশাপাশি ওয়ার্ডের ভেতরের পরিবেশ ও তাপমাত্রা স্বাভাবিক রাখতে এয়ার কন্ডিশনার বা এসির ব্যবস্থা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আশা করা হচ্ছে দ্রুতই আক্রান্ত রোগীর সংখ্যা কমে পরিবেশ স্বাভাবিক হয়ে আসবে।
এ.আই.এল/সকালবেলা