নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শহীদ ও রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক মো. হাসিবুর রশীদকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার (১৭ মে) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন— বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
আদালতের এই আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। তিনি গণমাধ্যমকে জানান, ট্রাইব্যুনালের নির্দেশনার পর আজ থেকেই সাবেক এই ভিসির সাজা খাটার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো। এখন রায়ের সার্টিফাইড কপি হাতে পেলে তিনি আইন অনুযায়ী উচ্চ আদালতে আপিল করার সুযোগ পাবেন।
আদালত সূত্রে জানা যায়, গত ৯ এপ্রিল শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের এই মামলায় ২৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন ট্রাইব্যুনাল-২। ওই রায়ে অপরাধের গুরুত্ব বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য হাসিবুর রশীদকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তবে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই সাবেক এই ভিসি লোকচক্ষুর অন্তরালে চলে যান এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
সর্বশেষ শনিবার (১৬ মে) রাতে রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোড এলাকায় হাসিবুর রশীদ অবস্থান করছেন— এমন খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সাধারণ জনতা তাঁর বাড়ি ঘেরাও করে তাকে আটকে রাখেন। পরবর্তীতে খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। আজ দুপুরে কড়া নিরাপত্তায় তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।